উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের নেতা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তাঁরা মতবিনিময় করেন। বিশেষ করে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।