উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান, নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারিসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রায় ৯৯ কিলোমিটার সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যকর করতে ফ্লাডলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিজিবি অধিনায়ক। সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি সীমান্তে বসবাসরত জনসাধারণের সাথে মতবিনিময় বৈঠক শুরু করেছেন।