উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইন ও বিধিবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান ঢাকা ওয়াসায় নিজস্ব শাসন কায়েম করেছেন প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ। মূল পদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হওয়া সত্ত্বেও তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দুটি শীর্ষ পদ আঁকড়ে ধরে আছেন।
এভাবে একই সঙ্গে তিনটি পদে আসীন থেকে তিনি বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা ও পদোন্নতি ভোগ করে চলেছেন। অনুসন্ধানে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি সরকারের আমল থেকেই তিনি কার্যকর কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করেননি।
সরকারি চাকরিতে বহাল থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি নিজ মায়ের নামে নিবন্ধিত 'MBH Engineers' নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের ব্যানারে তিনি ঢাকা ওয়াসা, এলজিইডি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদারি কাজ পরিচালনা করছেন।
ঢাকা ওয়াসা চাকরি প্রবিধানমালা ২০১০ ও সরকারি বিধি অনুযায়ী কোনো কর্মকর্তাকে ছয় মাসের অধিক সময় চলতি বা অতিরিক্ত দায়িত্বে বহাল রাখার সুযোগ নেই। কিন্তু ঢাকা ওয়াসায় পদোন্নতি বোর্ড বা অর্থ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনার তোয়াক্কা না করেই বছরের পর বছর এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে।