উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার ১৩ নভেম্বর নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মরণসভাকে অর্থবহ করতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা ও দেশের প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে তাঁর আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম এবং নারীশিক্ষা ও সামাজিক উন্নয়ন। এছাড়া সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং সুশাসন ও সরকার পরিচালনার নানা দিক তুলে ধরা হবে।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে এবং লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে তা পাঠাতে বলা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান প্রামাণ্যভাবে তুলে ধরবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।