উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ভর্তির আবেদনের সুযোগ নিশ্চিত করতে এ অনুরোধ জানান তিনি। শনিবার ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। এ সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি তিনি এই আহ্বান জানান। পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর এসব আবেদনের ফল প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর এবং আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।