উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় ৩৬ ঘণ্টা ধরে বিঘ্ন থাকার পর আউটলুক, কোপাইলট এবং টিমস-সহ সমস্ত পরিষেবা পুনরায় সচল হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফট। তথ্যপ্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে ব্যাহত হওয়া পরিষেবাগুলি এখন পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে।
মাইক্রোসফটের এই বিভ্রাটের প্রভাব ৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল, যার জেরে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং ব্যক্তিগত ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হন। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিভ্রাটের কারণে মেল আদান-প্রদান বন্ধ হয়ে যায় এবং ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারীর অভিযোগ জমা পড়েছিল।
মার্কিন প্রযুক্তি জায়ান্টটি স্পষ্ট করেছে যে এই বিভ্রাটের সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর আগের একটি প্রক্রিয়াগত কারিগরি ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কী কারণে এমনটা ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট। এছাড়া, সংস্থাটি তাদের পরিকাঠামো এবং ইমেল ব্যাকলগের উপর নজরদারি অব্যাহত রেখেছে।
ভারতসহ মোট ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই বিভ্রাটের ফলে জাপান সরকার, ফিলিপিন্সের সুপ্রিম কোর্ট এবং ভারতের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছিল। অবশেষে বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৩৬ ঘণ্টা পরে পরিষেবা পুরোপুরি সচল হয়।