উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ভেতরে ও বাইরে অবস্থান করে একটি গোষ্ঠী অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে পতন ঘটলেও সংশ্লিষ্ট শক্তি গোপনে আগুন লাগানো ও বোমাবাজিসহ বিভিন্ন নাশকতায় জড়িত রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সড়ক-মহাসড়ক ও রেলপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড দেশে ফিরে এলে কার্যকর হবে।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির মালিকানাধীন তৈরি পোশাকশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানে অরাজকতা চলছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।