উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোভিশন সং কনটেস্টের এশীয় সংস্করণের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফিলিপাইন। দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গানটি পরিবেশন করে এই ঐতিহাসিক শিরোপা জিতে নেন। এর মাধ্যমে ইউরোভিশন এশিয়ার ইতিহাসের প্রথম বিজয়ী হিসেবে নিজের নাম খোদাই করলেন তিনি।
গত শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ওয়ান ব্যাংকক ফোরামে জমকালো এই প্রতিযোগিতার আসর বসে। এশিয়ার মোট ১১টি দেশের শিল্পীরা এতে অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হয়েছে জাতীয় জুরি এবং দর্শকদের ভোটের সমন্বয়ে, যেখানে ফলাফলের অর্ধেক নির্ভর করেছিল দর্শকদের মতামতের ওপর।
এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাটমোসফিয়ার’। আন্তর্জাতিক এই মঞ্চে তারা ‘তুমি এলে’ শিরোনামের একটি গান পরিবেশন করে। ইউরোভিশনের ৭০ বছরের দীর্ঘ ইতিহাসে এশীয় সংস্করণের এই সংযোজনকে সংগীত বিশ্বের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজয়ী শিল্পী কারমেল এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ এবং ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। আয়োজকদের মতে, এই আয়োজন এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বদরবারে তুলে ধরার বড় একটি মাধ্যম।