উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। উদ্ধার করা এসব বস্তুর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
গোপন সংবাদের ভিত্তিতে এক্স-রে পরীক্ষায় হাসান মিয়ার পায়ুপথে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের বস্তুগুলো উদ্ধার করেন কর্মকর্তারা।
এছাড়া ওই যাত্রীর পরিহিত অন্তর্বাসের কাপড়ে আরও প্রায় ১০০ গ্রাম ওজনের স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত। চক্রটিকে শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।