উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক এলাকায় এ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, ১৫টি শাড়ি ও ৬২০টি ফেসওয়াশ জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।