উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃত্রিম মেধা বা এআই আদৌ মানুষের মতো নিজে থেকে চিন্তা করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইফোন প্রস্তুতকারী মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপ্ল। সম্প্রতি প্রকাশিত ‘ইলিউশন অফ থিঙ্কিং’ বা ‘চিন্তার বিভ্রম’ শীর্ষক এক গবেষণাপত্রে এই প্রযুক্তির নানাবিধ সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে তারা। তাদের এই পরীক্ষার ফলাফল নিয়ে বিজ্ঞানী মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
অ্যাপ্লের দাবি, গুগ্লের জেমিনি, ওপেনএআই-এর চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিকের ক্লদের মতো মডেলগুলি আদতে রিজনিং মডেল। এগুলি কেবল সুনির্দিষ্ট একটি ধরন অনুসরণ করে কাজ করে এবং নিজের থেকে চিন্তা করার ক্ষমতা এদের নেই। বিষয়টি প্রমাণ করতে সহজ, মাঝারি এবং কঠিন—এই তিন ধরনের ধাঁধা সমাধান করতে দেওয়া হয়েছিল এআই মডেলগুলিকে।
পরীক্ষায় দেখা যায়, প্রথম দু’টি স্তরে এআই ভালো ফল করলেও কঠিন ধাঁধার সমাধানে রীতিমতো ব্যর্থ হয়েছে। এমনকি সমাধানের সঠিক অ্যালগরিদম দেওয়ার পরেও মডেলগুলি উত্তর বের করতে পারেনি। যেমন ইন্টারনেটে তথ্য সহজলভ্য থাকায় ‘টাওয়ার অফ হ্যানয়’ ধাঁধায় কৃত্রিম মেধা ১০০টি সঠিক ‘মুভ’ করতে পারলেও, ‘রিভার ক্রসিং’ ধাঁধায় মাত্র চারটি সঠিক ‘মুভ’ করতে পেরেছে।
গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেটে পর্যাপ্ত রসদ না থাকলে এই প্রযুক্তি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। এই ফলাফলের ভিত্তিতে অ্যাপ্ল জানিয়েছে, কৃত্রিম মেধার সাফল্যকে বর্তমানে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। বাস্তবে মানুষের মতো স্বাধীনভাবে চিন্তা করার জায়গায় পৌঁছোতে এই প্রযুক্তির এখনও বহু সময় লাগবে।