উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিয়ে নিয়ে পুরুষদের দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈতিক চাপ এবং ভবিষ্যৎ খরচের ভয়। বিয়ের অনুষ্ঠান, নতুন সংসার সাজানো, বাসাভাড়া এবং সন্তানের পড়াশোনার ব্যয়ের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে যান। এছাড়া বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আয়ের অনিশ্চয়তা এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়।
বিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন পারিবারিক দায়িত্ব ও তা সামলানোর দুশ্চিন্তা যুক্ত হয়। জীবনসঙ্গীর দায়িত্ব এবং নিজের বাবা-মায়ের দেখাশোনা—এই দুই দিক সঠিকভাবে সামলাতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। পারিবারিক প্রত্যাশা পূরণ এবং নতুন সংসারের সঙ্গে পুরোনো সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও বড় চ্যালেঞ্জ।
অনেক পুরুষ মনে করেন যে বিয়ের পর তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে জীবনযাপনের সুযোগ কমে যাবে। বন্ধুদের সময় দেওয়া কিংবা শখ পূরণের ক্ষেত্রে বাধা আসার আশঙ্কায় তারা দ্বিধায় ভোগেন। তবে পারস্পরিক বোঝাপড়া থাকলে সংসার ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য রাখা সম্ভব।
দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা মানুষের চিন্তাভাবনা এক না হওয়ায় মতের অমিল ও দাম্পত্য কলহের আশঙ্কা থাকে। অনেক পুরুষ এই কলহের কথা ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন। তবে ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে এসব মতবিরোধ সমাধান করা সম্ভব।
স্ত্রী ও বাবা-মায়ের প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক পুরুষের কাছে একটি বড় দুশ্চিন্তার বিষয়। পারিবারিক মতবিরোধ তৈরি হলে দুই পক্ষের মধ্যে পড়ে যাওয়ার ভয়ও তাদের মনে কাজ করে। মনস্তাত্ত্বিক ভাষায় দাম্পত্য সম্পর্কে প্রবেশের এই তীব্র ভয়কে গ্যামোফোবিয়া বলা হয়।