উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে বিনামূল্যে জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলার ২০২৭। কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় উইকিস্কলার আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করছে।
শিক্ষার্থীদের সঠিক তথ্য খুঁজে বের করা, তথ্যের সত্যতা যাচাই এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, প্রতিযোগিতার পাঠ্যসূচি তৈরি করা হয়েছে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ থেকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মুক্ত জ্ঞানচর্চায় আগ্রহী হবে এবং অনলাইনে সঠিক তথ্য ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ অনলাইনে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইকিস্কলার আয়োজন কমিটির সদস্যসচিব মাসুম আল হাসান রকি, উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং প্রতিযোগিতার যুগ্ম সচিব মুহাম্মদ ইয়াহিয়া। এরপর দেশের ৬৪টি জেলাকে ছয়টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে, যে অঞ্চলগুলো হলো পদ্মা, তিস্তা, কর্ণফুলী, সুরমা, রূপসা ও যমুনা। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী জাতীয় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ৮ মে ২০২৭ ঢাকায় জাতীয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।
প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন পাবেন একটি ম্যাকবুক, প্রথম রানারআপ পাবেন একটি ল্যাপটপ এবং দ্বিতীয় রানারআপ পাবেন একটি ই-রিডার। এ ছাড়া বিজয়ীদের নগদ অর্থ, আঞ্চলিক পুরস্কার ও ডিজিটাল সনদ দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে wikischolar.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধন শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি স্বতন্ত্র উইকিস্কলার আইডি দেওয়া হবে।