উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের কিছু স্থানে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাব্যঞ্জক। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই বিপ্লব ও গণভোট প্রসঙ্গে তিনি জানান, চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ দেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের এবং জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখা হবে।