উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে।
প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয় থেকে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে এবং পাসের জন্য ৪০ শতাংশ নম্বর পেতে হতে পারে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩ ঘণ্টা সময়ের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের জন্য সবশেষে থাকবে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। তবে পরীক্ষাপদ্ধতি ও নম্বর বণ্টনের এই প্রস্তাবগুলো বিধিমালা সংশোধনের পর চূড়ান্ত করা হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে যা ৯ ডিসেম্বর শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে।