উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফ্ট। গ্রাহকদের ভোগান্তির জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টটি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। পাশাপাশি তারা এই বিশ্বব্যাপী বিভ্রাটের সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেছে।
এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে মাইক্রোসফ্ট জানিয়েছে যে তাদের পরিষেবাগুলিতে এখন সামগ্রিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে। তবে পরিষেবাগুলি ঠিক কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেনি সংস্থাটি।
মাইক্রোসফ্ট স্পষ্ট করে জানিয়েছে যে এই বড় ধরনের বিভ্রাটের সঙ্গে কোনো সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর আগের একটি প্রক্রিয়াগত কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে বলে তারা দাবি করেছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিভ্রাটের জেরে আউটলুক, মাইক্রোসফ্ট ৩৬৫, টিম্স-এর মতো পরিষেবাগুলি প্রায় অচল হয়ে পড়ে। ভারত-সহ মোট ৭৪টি দেশ ও অঞ্চল থেকে এই বিভ্রাটের খবর পাওয়া গিয়েছিল, যা মাইক্রোসফ্টের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী বিভ্রাট।