উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার আজ ৭৪তম জন্মদিন। বছর জুড়েই এ শিল্পীকে ঘিরে থাকে নানান পরিকল্পনা ও বিশেষ আয়োজন।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, এই সময়ে এসে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিনের দিনটি উদ্যাপন করা হয়ে থাকে। ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি জানান, মা জামা বানিয়ে দিতেন এবং মজার মজার খাবার রান্না করতেন, যা আজও বিশেষভাবে মনে পড়ে।
তিনি আরও বলেন, দেখতে দেখতে তাঁর সংগীত জীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। বাবা-মা এবং পরিবারের সবার সমর্থনের কথা স্মরণ করে তিনি মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানান এবং আজীবন গান গেয়ে যাওয়ার জন্য সবার কাছে দোয়া চান।
এদিকে তাঁর জন্মদিনের পরদিন অর্থাৎ আগামীকাল ১৮ই নভেম্বর সংগীতাঙ্গনের আরেক প্রয়াত কিংবদন্তি বশির আহমেদের জন্মদিনে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। বশির আহমেদের দুই সুযোগ্য উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল ১৮ই নভেম্বর বিকাল ৪টায় ঢাকাস্থ সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।