উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ সরাসরি জানতে এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ‘অভিযোগ বক্স’ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরে তার বাসভবনে এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে ‘অভিযোগ বক্স’ চালু করা হয়েছে। এতে ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা-৮ আসনের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত দাবি সরাসরি তার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে এই বক্স স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ ও সমস্যার বিষয় তিনি নিজে সরাসরি তদারকি করবেন।
জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর এলাকা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। নাগরিকদের সমস্যা ও অভিযোগের বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই তার অন্যতম দায়িত্ব বলে তিনি উল্লেখ করেছেন।