উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্দোলনের মুখে ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং ক্যাম্পাসে সৃষ্ট অচলাবস্থা নিরসনের বিষয় নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সোমবার সকাল থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা। বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করায় স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সারাদিন বিক্ষোভ ও ভিসির গাড়ির সামনে শুয়ে পড়ার ঘটনার পর টানা প্রায় ১৩ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জরুরি সিন্ডিকেট সভা শেষে রাত পৌনে ১২টার দিকে পুলিশ প্রহরায় তিনি ক্যাম্পাস ছাড়েন। অধিকার আন্দোলন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা জানান, কর্তৃপক্ষ তিন দিনের সময় দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার থেকে আবারও আন্দোলন শুরু হবে।