উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ নয় বছর পর বরগুনা জেলা যুবদলের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. ইশতিয়াক জলিল সোহাগের নাম ঘোষণা করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বরগুনা জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়ার পর থেকে দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মাধ্যমেই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ ৯ বছর পর নতুন কার্যকরী কমিটি গঠনের খবরে বরগুনা শহরে আনন্দ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে নতুন কমিটিকে অভিনন্দন জানান।