উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াট্সঅ্যাপ ক্যামেরা নিয়ে একটি নতুন বৈশিষ্ট্য পরীক্ষা করছে। জানা গিয়েছে, বর্তমানে ‘জ্যাপ্স’ নামে পরিচিত ওই ‘ফিচার’টি এক জন গ্রাহকের বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো তৎক্ষণাৎ অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে। ‘ডব্লিউএবেটাইনফো’-র তথ্য অনুযায়ী, ফিচারটির নাম ‘ইনস্ট্যান্টস’ থেকে পরিবর্তন করে ‘জ্যাপ্স’ রেখেছে মেটার আওতাধীন তথ্যপ্রযুক্তি সংস্থাটি।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী দ্রুত ছবি এবং ভিডিয়ো পাঠাতে পারেন, যা প্রাপক দেখার পর পরই অদৃশ্য হয়ে যায়। ‘জ্যাপ্স’ নামটি এসেছে মূলত ক্যামেরা ইন্টারফেসটি চালু করার জন্য ব্যবহৃত বিদ্যুৎ চমকানোর চিহ্নের ধারণা থেকে। এতে ব্যবহারকারী গ্যালারি থেকে কোনও কিছু আপলোড করার পরিবর্তে সরাসরি ক্যামেরার মাধ্যমে ধারণ করা অসম্পাদিত কন্টেন্ট পাঠাতে পারেন।
গ্রাহক কোনও ‘জ্যাপ্স’ এক বার দেখে নিলেই, তা তাঁর ডিভাইসের স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যাবে। তবে, প্রাথমিক তথ্য অনুযায়ী, যিনি পাঠিয়েছেন, তিনি তাঁর চ্যাট হিস্ট্রিতে পাঠানো ‘জ্যাপ্স’গুলি দেখতে পাবেন। হোয়াট্সঅ্যাপে পাঠানো সাধারণ বার্তার মতোই, ‘জ্যাপ্স’-ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে।
ব্যবহারকারী যে কোনও পরিচিত ব্যক্তিকে, গ্রুপ চ্যাটে, এমনকি পাবলিক চ্যানেলেও ‘জ্যাপ্স’ পাঠাতে পারবেন। উল্লেখযোগ্য, ‘Zaps’ ফিচারটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং তা এখনও গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়নি। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াট্সঅ্যাপও।