উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আজ ১৭ নভেম্বর পালিত হচ্ছে ‘আনফ্রেন্ড দিবস’। মূলত ভার্চুয়াল জগতের বিশাল বন্ধু তালিকায় যাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বা যাদের উপস্থিতি মানসিক অস্বস্তি তৈরি করে, তাদের সরিয়ে ফেলার লক্ষ্যেই দিনটি পালন করা হয়।
২০১০ সালে মার্কিন উপস্থাপক জিমি কিমেল তার জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ প্রথম এই দিবসটির ঘোষণা দেন। তিনি মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুত্বের বোঝা কমিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। এরপর থেকেই প্রতি বছর ১৭ নভেম্বর বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বেশি হওয়া মানেই সম্পর্কের গভীরতা বেশি হওয়া নয়। বরং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় সংযোগ মানসিক চাপ ও উদ্বেগ বাড়াতে পারে। যাদের পোস্ট নিয়মিত নেতিবাচক চিন্তা তৈরি করে, তাদের তালিকা থেকে বাদ দিলে নিজের কাজ ও পরিবারের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ বাড়ে।
আনফ্রেন্ড দিবস পালনের ক্ষেত্রে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা চাইলেই তাদের বন্ধুতালিকা পর্যালোচনা করে দীর্ঘদিন কথা না হওয়া বা অপরিচিত ব্যক্তিদের বাদ দিতে পারেন। এছাড়া ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক আলাদা রাখা এবং বাস্তব জীবনের বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানোই এই দিবসের মূল উদ্দেশ্য।
মনে রাখতে হবে, কাউকে বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া মানেই তাকে অসম্মান করা নয়। বরং নিজের সময়, মানসিক স্বস্তি ও ব্যক্তিগত পরিসরের প্রতি যত্নশীল হওয়ার এটি একটি কার্যকর উপায়। এর মাধ্যমে অনলাইন জগতকে আরও সুন্দর ও ইতিবাচক করে তোলা সম্ভব।