উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত কয়েক বছর ধরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী ও মডেল ফারিন খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
ফারিন বলেন, ব্যক্তিগত জীবন সব সময় গণমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন তিনি কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান। অভিযুক্ত ব্যক্তি ফারিনের বিভিন্ন ব্যক্তিগত কথাবার্তা ও ভিডিও তার সহকর্মীদের সঙ্গে শেয়ার করছেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও ফোন হ্যাক করেছেন।
অভিনেত্রীর দাবি, তার বেশ কিছু ব্যক্তিগত নথি অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াও চলছে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ না করলেও তাকে ভণ্ড ও প্রতারক বলে ক্ষোভ প্রকাশ করেন ফারিন। পাশাপাশি তার ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও বা কথোপকথন কারও কাছে পাঠানো হলে তাকে জানানোর অনুরোধ করেছেন তিনি।
ফারিন আরও বলেন, আগামী দুই-তিন দিনের শুটিংয়ের কাজ শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য জানা যায়নি এবং ফারিন দ্রুতই তাকে সবার সামনে তুলে ধরবেন বলে জানান।