উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ও স্কাউট সংগঠক মাইনুল হাসান মৃধাকে অপহরণের পর প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় রাষ্ট্রদ্রোহী মামলার আসামি তুরাগ মৃধা ও তাঁর সহযোগীরা এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
আহত সাংবাদিক মাইনুল হাসান মৃধাকে স্থানীয়রা রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। মাইনুল হাসান মৃধা বাংলাদেশ স্কাউটসের জাতীয় পদকপ্রাপ্ত এবং দৈনিক সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
হাসপাতালে চিকিৎসাধীন মাইনুল মৃধা অভিযোগ করেন, পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তাঁর চাচাতো চাচা টুকু মৃধা তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এর প্রতিবাদ করায় টুকু মৃধার ছেলে তুরাগ মৃধা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়। এর আগে মাইনুলের বড় ভাই সোহেল মৃধাকেও তুরাগ মারধর করেছিলেন বলে তিনি জানান।
মাইনুলের স্ত্রী শবনম জেবিন অভিযোগ করেছেন যে, পুলিশকে বিষয়টি জানানোর পরও চিহ্নিত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো তাঁদের হয়রানি করা হচ্ছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন জানান, মাইনুলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।