উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উদ্ভুত পরিস্থিতির কারণে আগামী তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় এই জরুরি সিন্ডিকেট সভা করা হয়।
এর আগে একই দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়। আজ সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত চলে।
জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট