উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ১২ বছর বিরতির পর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ুন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবু হানিফ। এছাড়া সহ-সভাপতি পদে মাওলানা আকাইদ হোসাইন ও মাওলানা হাফেজ আবু হানিফ রয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে সাইদুর রহমান শাহিন দায়িত্ব পেয়েছেন।
নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার জানান, ২০১৩ সালে বিএনপি সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে ব্যাপক ভূমিকা রেখেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি কর্মসূচিতে তারা সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।