উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের শরীর তার নিজস্ব কোনো সম্পত্তি নয়, বরং তা মহান আল্লাহর দেওয়া এক বড় আমানত। পবিত্র কোরআনের সুরা বাকারার ১৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ এই আমানতের যথাযথ যত্ন নেওয়া প্রতিটি মানুষের দায়িত্বের অংশ, তাই ক্ষতিকর অভ্যাস এড়িয়ে সুস্থ থাকা অত্যন্ত জরুরি।
দৈনন্দিন জীবনে সুস্থ থাকার প্রথম শর্ত হিসেবে নবীজি (সা.) ভারসাম্যপূর্ণ জীবনযাপনের ওপর জোর দিয়েছেন। সহিহ বুখারির ১৯৬৮ নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ ফলে অতিরিক্ত পরিশ্রমে শরীর নিঃশেষ করা কিংবা আরামের নামে কর্তব্য ভুলে থাকা কোনোটিই ইসলামে সমর্থন করে না।
সুস্থতার ক্ষেত্রে খাদ্যাভ্যাসে সংযম রক্ষা করা নবীজির অন্যতম সুন্নত। সুনানে তিরমিজির ২৩৮০ নম্বর হাদিসে রাসুল (সা.) বলেন, আদমসন্তানের জন্য মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর বেশি খেতেই হলে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং বাকি এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখতে হবে, যা অতিরিক্ত মেদ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
শারীরিক সুস্থতার অন্যতম ভিত্তি হলো পরিচ্ছন্নতা, যার গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের সুরা মুদ্দাসসিরের ৪ নম্বর আয়াতে পোশাক পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সহিহ মুসলিমের ২২৩ নম্বর হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ এমনকি ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবানো থেকেও তিনি বিরত থাকতে বলেছেন।
রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে নবীজি (সা.) আগাম সতর্কতার শিক্ষা দিয়েছেন এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে আক্রান্ত এলাকায় যাতায়াত করতে নিষেধ করেছেন। পাশাপাশি অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার নির্দেশ দিয়ে সুনানে আবু দাউদের ৩৮৫৫ নম্বর হাদিসে তিনি বলেন, বার্ধক্য ছাড়া আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক দেননি। তাই কেবল ভাগ্যের দোহাই দিয়ে চিকিৎসা থেকে দূরে থাকা ইসলামের নীতি নয়।
শরীর ও মনের সুস্থতায় পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত অপরিহার্য, যা কোরআনে ঘুমের নিয়ামতের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তামাক, মদ ও মাদকের মতো ক্ষতিকর অভ্যাস পরিহার করা জরুরি। সুনানে ইবনে মাজাহর ২৩৪০ নম্বর হাদিসে রাসুল (সা.) নিজের বা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। সুস্থ শরীর বজায় রাখা গেলে দীর্ঘ সময় আল্লাহর ইবাদত ও সমাজের কল্যাণমূলক কাজ সম্পন্ন করা সম্ভব হয়।