উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাইক্রোসফ্টের বিশ্বব্যাপী বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার বিপত্তি দেখা দিল অ্যাপ্ল এবং গুগ্লে। মঙ্গলবার রাত থেকে আইক্লাউড, অ্যাপ স্টোর, জিমেল এবং গুগ্ল সার্চের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ এই বিভ্রাটের খবর ছড়াতে শুরু করে। মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযোগের সংখ্যা দেড় থেকে দুই হাজারে পৌঁছে যায়। ব্যবহারকারীরা মূলত প্ল্যাটফর্মে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং সাইন-ইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন।
অ্যাপ্ল কর্তৃপক্ষ তাদের সিস্টেম স্ট্যাটাস পেজে আইক্লাউড অ্যাকাউন্ট ও সাইন-ইন সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে আইক্লাউড এবং অ্যাপ্ল পে-সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে মাইক্রোসফ্টের মতো তারাও দাবি করেছে যে, এর পেছনে কোনও সাইবার হানার যোগ নেই।
অন্যদিকে, গুগ্ল ব্যবহারকারীরাও জিমেল এবং গুগ্ল সার্চ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকায় একাধিক বড় প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর আগে মাইক্রোসফ্ট ছাড়াও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন এবং জেপি মরগ্যান চেজ়-এর মতো সংস্থাও প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছিল।