উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধিবিধান অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গত ৯ নভেম্বর উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তগুলো বাতিল করা হয়। ওই সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, যা নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়। সেই অস্পষ্টতা দূর করতেই বুধবারের এই বিশেষ সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, আগের সভায় এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা না নিতে অনুরোধ জানানো হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব সংবিধি, বিধি ও নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থের ওপর গুরুত্বারোপ করা হয়। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত কাঠামোর মধ্যে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।