উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে রায়ের বিষয়টি তারা শুনেছেন এবং পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলেই তারা আপিল করবেন।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেন। বুধবার সকালে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে আবেদন করেন। শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর এই পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এছাড়া বুয়েট, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে হাইকোর্টের এই আদেশের ফলে ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয়ই আর ভর্তি পরীক্ষা নিতে পারবে না।