উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সুলতানা জেসমিনের মাধ্যমে ডুসাপের ৫১ জন এবং ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও পরিচালনা পর্ষদ মিলিয়ে মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন এবং পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন ও সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন।