উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একটি দেশবিরোধী অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ঘোষণার সময় তিনি এই দাবি করেন এবং দলমত নির্বিশেষে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপিদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বিনীত অনুরোধ জানান স্পিকার।
সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর স্পিকার অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন এবং এর মাধ্যমেই গত ৯ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে স্পিকার তার সমাপনী বক্তব্যে জানান। এই অধিবেশনে মোট ৪টি বিল উপস্থাপিত এবং ৪টি বিল পাস হয়েছে, পাশাপাশি ৩টি সংসদীয় কমিটি ও ১টি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। অধিবেশন চলাকালে সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা নোটিশ প্রদান করেন এবং অধিকাংশ নোটিশ গৃহীত ও আলোচিত হয়।
এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত ৩৫৭৭টি প্রশ্নের মধ্যে ২১৬৯টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সকল কার্যক্রম সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।