উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে বাণিজ্যিকভাবে কফির জনপ্রিয়তা গতি পায় ১৯৯০-এর দশকের শেষ দিকে, বিশেষ করে ১৯৯৮ সালে নেসলে স্থানীয় বাজারে নেসক্যাফে নিয়ে আসার পর। সাশ্রয়ী মূল্যের ইনস্ট্যান্ট বা রেডি কফি পণ্যগুলো বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এই পানীয়টিকে পরিচিত করতে সাহায্য করেছে। প্রাথমিকভাবে কফি পান মূলত শহরের মধ্যবিত্ত ও উচ্চ-আয়ের জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
আধুনিক কফি শপগুলোর আবির্ভাব দেশের কফি সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ২০০৫ সালে ঢাকার বনানী এলাকায় কফি ওয়ার্ল্ড একটি আউটলেট চালু করে, যা গ্রাহকদের আন্তর্জাতিক ক্যাফের অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে ২০১১ সালে নর্থ এন্ড কফি রোস্টার্স প্রতিষ্ঠিত হওয়া রাজধানীতে কফি সংস্কৃতির বিকাশে আরও অবদান রাখে।
জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ২০০৩ সালে প্রায় ১৩৯ টন কফি আমদানি করে, যা ২০১২ সালে বেড়ে প্রায় ২৬৪ টনে এবং ২০২২ সালে প্রায় ১,৭৪৫ টনে দাঁড়িয়েছে। খাত সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা এই ক্রমবর্ধমান চাহিদার পেছনে ক্যাফে ব্যবসার প্রসার, ইনস্ট্যান্ট কফির সহজলভ্যতা এবং ভোগের অভ্যাসের পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ সুবিধার উন্নয়ন এবং কফি শিল্পে বিনিয়োগ উৎসাহিত করা হলে এই পানীয়টি সবার কাছে আরও সহজলভ্য হতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা এ দেশের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকলেও কফি ধীরে ধীরে তরুণ ও শহুরে ভোক্তাদের আকৃষ্ট করছে।