উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৬৬টি খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ২৮ হাজার কোটি টাকা লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ৭ অক্টোবর প্রকাশিত ওই মন্ত্রণালয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ভয়ংকর তথ্য উঠে এসেছে, যা ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সিটি করপোরেশন, এলজিইডির কার্যালয় এবং ঢাকা ওয়াসা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে এই লুটপাট হয়েছে।
ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ ১৫ বছর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রকৌশলী তাকসিম এ খান। এই সময়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি ৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর দুর্নীতির নথির হদিস পায়নি মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি মেয়র থাকাকালীন ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি ২৮ লাখ টাকার বিল পরিশোধ এবং ভ্যাট ও রাজস্ব বাবদ সরকারের কোটি কোটি টাকা ক্ষতি করেছেন। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২৮ কোটি চার লাখ ১০ হাজার টাকা এবং মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ১৪৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
রাজনীতিবিদদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এলজিইডির পিরোজপুর কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে কাজ না করেই ১ হাজার ৬৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকা এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।