উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মরণে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র জন্য ২০২৭ সালের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে শতভাগ বৃত্তিতে স্নাতক পড়ার সুযোগ পাবেন।
উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা এই বৃত্তির অন্যতম প্রধান উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, আমাদের লক্ষ্য শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বৃত্তির শর্ত ও নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ০১৩২৩৭২৮৮৮১ নম্বরে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। অনলাইন আবেদনের ঠিকানা: https://tuca.edu.bd/shilpachakmascholarshipform/।
উল্লেখ্য, শিল্পা চাকমা ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। ২০২২ সালের আগস্টে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্মৃতি রক্ষার্থে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে ২০২২ সালে এই বৃত্তি প্রবর্তন করা হয়।