উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি পুলিশি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ৫৭টি পরিবহনে আগুন এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছিল। অর্থাৎ শেষ এক দিনে আরও ১৭টি পরিবহনে আগুন এবং ৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা যুক্ত হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাশকতাকারীরা এখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা এবং যানবাহনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
এই নাশকতার ঘটনাগুলো ঘটছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে। বৃহস্পতিবার ওই কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর প্রবেশমুখে তল্লাশি বাড়ানো হয়েছে, দূরপাল্লার বাস ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।