উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। আদালতের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন মায়ানমারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করার পক্ষে মত দেন।
এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে উল্লাস ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১, ১৩ ও ১৫ নম্বরসহ বিভিন্ন শিবিরের বাসিন্দারা বড় পর্দায় ও টেলিভিশনে সরাসরি রায়ের সম্প্রচার দেখেন। দীর্ঘদিনের নির্যাতন ও স্বজন হারানো রোহিঙ্গাদের কাছে এই রায় ন্যায়বিচারের পথে এক বড় অর্জন।
আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও শিশুদের ওপর নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। আইসিজে মায়ানমারকে গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার নেতা রফিক জানান, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। রোহিঙ্গা নেতা মাওলানা সৈয়দ উল্লাহও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, এই রায় যেন কেবল অপরাধের স্বীকৃতিতে সীমাবদ্ধ না থেকে নিরাপদ প্রত্যাবাসনের পথ সুগম করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আইসিজেতে এই মামলা দায়ের করেছিল। ২০২০ সালে আদালত রোহিঙ্গাদের সুরক্ষা ও প্রমাণ সংরক্ষণের অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ে রোহিঙ্গারা তাদের হারানো অধিকার ও নাগরিকত্ব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন।