উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়ে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. তারিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, রাজশাহীর তানোর থেকে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানে করে এক ব্যক্তি মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের দিকে আসছেন। তথ্যের ভিত্তিতে আমনুরা ধীনগর মোড়ে চেকপোস্ট স্থাপন করে একটি ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের ভেতর বিশেষ কৌশলে রাখা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তারিফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সতেরো রশিয়া চামাগ্রাম এলাকার মো. আলমের ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।