উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। আজ ১৯ নভেম্বর ২০২৬ এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলা শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।