উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেহেশতে মুমিনদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে মহান আল্লাহর দর্শন লাভ। পবিত্র কোরআনের সুরা ইউনুসের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যারা সৎকাজ করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (বেহেশত) এবং তার চেয়েও বেশি কিছু।’ হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) জানান, এই অতিরিক্ত নিয়ামতটি হলো আল্লাহর নুরের পর্দা উন্মোচন ও তাঁর দর্শন। জান্নাতবাসীদের কাছে এর চেয়ে প্রিয় ও সুন্দর আর কিছুই থাকবে না। (সহিহ মুসলিম, হাদিস: ১৮১)
পরকালে আল্লাহর দিদার লাভ অতি স্পষ্ট এক বাস্তবতা। সহিহ বুখারির ৭৪৩৪ নম্বর হাদিসে সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, নবীজি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেছিলেন, মানুষ যেভাবে স্পষ্ট চাঁদ দেখে, তেমনি কোনো বাধা, ঝগড়া বা ভিড়ের মুখোমুখি না হয়েই প্রতিপালককে দেখতে পাবে। সুরা কিয়ামাহর ২২-২৩ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে, সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল ও প্রফুল্ল হবে এবং তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।
বিখ্যাত মুফাসসির ইবনে কাসির তাঁর ‘তাফসিরুল কোরআনিল আজিম’ (৮/২৭৮, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৪) গ্রন্থে উল্লেখ করেছেন, মহান আল্লাহর দর্শন লাভ করাই হলো বেহেশতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ নেয়ামত। কারণ, মহান আল্লাহ হলেন ‘জুল জালালি ওয়াল ইকরাম’, যাঁর দর্শনে বান্দার আত্মা চিরন্তন তৃপ্তি লাভ করে।
পার্থিব জীবনে মানুষের শারীরিক চোখের দৃষ্টিসীমা সীমিত হওয়ায় আল্লাহর অসীম নুর সহ্য করার শক্তি নেই। সুরা আরাফের ১৪৩ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, নবী মুসা (আ.) আল্লাহর দর্শন চাইলে তুর পাহাড়ে নুরের সামান্য জ্যোতি প্রকাশ করা হয়। এতে পাহাড়টি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং মুসা (আ.) সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ প্রসঙ্গে ইমাম নববি ‘আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম’ (৩/১৭, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত, ১৯৯৫) গ্রন্থে লিখেছেন, পৃথিবীতে মানুষের দৃষ্টিশক্তি সীমিত হলেও পরকালে বেহেশতবাসীদের বিশেষ শক্তি দেওয়া হবে, যাতে তারা কোনো ভয় বা বিনাশ ছাড়াই আল্লাহর মহিমান্বিত রূপ দর্শন করতে পারে।
মেরাজের রাতে রাসুলুল্লাহ (সা.) সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পর সাহাবি আবু জর (রা.) জানতে চেয়েছিলেন তিনি প্রতিপালককে দেখেছেন কি না। নবীজি উত্তরে জানান, ‘সেখানে শুধু নুরই নুর ছিল, আমি কীভাবে তাঁকে দেখব?’ (সহিহ মুসলিম, হাদিস: ১৭৮)। এছাড়া সহিহ মুসলিমের ১৭৯ নম্বর হাদিসে এসেছে, আল্লাহর পর্দা হলো আলো; তা উন্মোচন করলে তাঁর চেহারার দীপ্ত তেজ দৃষ্টির সীমার সমস্ত সৃষ্টিকে মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিত।
পবিত্র কোরআনের সুরা লাইলের ২০ নম্বর এবং সুরা রাদের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনরা আল্লাহর সন্তুষ্টি ও দর্শন লাভের লক্ষ্যেই দান এবং বিপদে ধৈর্য ধারণ করে। পার্থিব জীবনে চোখের পাপাচার থেকে মুক্ত থেকে ইমান ও নেক আমলের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ রাখাই পরকালে এই মহাসৌভাগ্য অর্জনের একমাত্র পথ।