উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন মেলে। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি অনুমোদিত প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা খরচ করা হবে। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।
এবারের সভায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে, যাতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া দেশজুড়ে খাল, ছোট নদী ও জলাশয় খননে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ এবং রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।
স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃহত্তর সিলেট অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি, ফরিদপুর ও রাজবাড়ীতে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ এবং বৃহত্তর যশোরে ২ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্প রয়েছে। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন জামালপুরে নদীভাঙন রোধে ৪৯১ কোটি ৮৫ লাখ, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে ৯৩৮ কোটি ২৫ লাখ এবং গোড়ানচটবাড়ী ও তুরাগ নদী সুরক্ষায় ৫৬৭ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যান্য প্রকল্পের মধ্যে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা এবং জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া তিন জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ, ধামরাইয়ে এনএসআইয়ের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ এবং বিমান বাহিনীর আবাসন প্রকল্পে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা অনুমোদন করা হয়েছে।