উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগের সব প্রশাসনিক জটিলতা কেটে গেছে। নতুন করে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি চার হাজার উপপরিদর্শক বা এসআই নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর–আল–নাসীফ জানান, পুলিশের বড় নিয়োগের প্রক্রিয়া শুরু হতে এখন আর কোনো বাধা নেই। বাংলাদেশ পুলিশ এখন যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবে। এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে এবং এ জন্য পিআরবি সংশোধন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি কামারুম মুনিরা জানান, চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত পদ থেকে আরও চার হাজারসহ মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআই দশম গ্রেডের পদ এবং যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা। অন্যদিকে কনস্টেবল ১৭তম গ্রেডের পদ এবং প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগের পর প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা। উভয় পদেই মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব ও রেশনের মতো আকর্ষণীয় ভাতা ও সুবিধা রয়েছে।