উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যা সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। বিজ্ঞান সাময়িকী ‘ন্যাচার’-এ প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল মাত্র এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
গবেষকেরা এই বিশেষ যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিট্যাঙ্গল’। দেখতে সাধারণ হলেও এর দাঁতের মধ্যে রয়েছে ইলেকট্রোড ও চিকিৎসার উপাদান সংরক্ষণের ব্যবস্থা। চুল আঁচড়ানোর সময় এটি ত্বকে মৃদু বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে কোষের আবরণ সাময়িকভাবে ভেদ্য করে তোলে। ফলে প্রচলিত পদ্ধতির তুলনায় চিকিৎসার উপাদান প্রায় নয় গুণ বেশি গভীরে চুলের ফলিকলে পৌঁছাতে পারে।
বিশেষ করে বংশগত টাকের ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) হরমোন ফলিকল সংকুচিত করে দেয়। এই সমস্যা মোকাবিলায় যন্ত্রটিতে দুটি জিনগত উপাদান যুক্ত করা হয়েছে। এর একটি রক্তনালি তৈরির সহায়ক ডিএনএ প্লাজমিড এবং অন্যটি ডিএইচটি উৎপাদনকারী এনজাইম কমানোর স্মল ইন্টারফেরিং আরএনএ (সিআরএনএ), যা ফলিকলের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।
কার্যকারিতা যাচাইয়ে বংশগত টাকে আক্রান্ত ইঁদুরের শরীরে প্রতি তিন দিন অন্তর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এক মাস পর তাদের প্রায় ১০০ শতাংশ চুল ফিরে আসে। অন্যদিকে, প্রতিদিন ০.২ মিলিলিটার হারে প্রচলিত মিনোক্সিডিল ব্যবহার করা অপর দলের চুল পুনরুদ্ধারের হার ছিল প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ গবেষণাগারের পরীক্ষায় নতুন এই চিরুনি তুলনামূলক বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।
গবেষকদের ধারণা, চুল পড়ার চিকিৎসার পাশাপাশি ত্বকের গভীরে ওষুধ পৌঁছানোর মাধ্যমে বিভিন্ন চর্মরোগেও প্রযুক্তিটি কাজে আসতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই সাফল্য কেবল ইঁদুরের ওপর অর্জিত হয়েছে। মানুষের চুলের গঠন ও সংবেদনশীলতা ভিন্ন হওয়ায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে মানুষের শরীরে আরও বিস্তৃত পরীক্ষা প্রয়োজন।