উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবের আমেজের মধ্যেই হঠাৎ এক বিপত্তির মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে পার্ক করা একটি বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। বিকট শব্দে কেঁপে ওঠা ওই দুর্ঘটনায় গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার সময় সৌভাগ্যবশত বাড়ির ভেতরেই ছিলেন অভিনেত্রী, যার ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। হঠাৎ শব্দ শুনে তিনি ও তার কর্মীরা বাইরে এসে গাড়িটির বেহাল দশা দেখতে পান। ম্যাটাডোরের ধাক্কায় ঋতুপর্ণার গাড়ির পাশাপাশি তার এক বন্ধুর গাড়িও ক্ষতির মুখে পড়েছে।
ঘটনার পর স্থানীয়রা ও বাড়ির লোকজন ম্যাটাডোর চালককে পালিয়ে যেতে বাধা দিয়ে তার গাড়ির চাবি নিজেদের হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, চালক পেশায় একজন ক্যাটারিং কর্মী এবং তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
লাইসেন্স ছাড়া বাণিজ্যিক গাড়ি চালানোর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গাড়ির আশপাশে কেউ থাকলে এই অপ্রত্যাশিত দুর্ঘটনাটি প্রাণঘাতীও হতে পারত।