উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।
লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করেন।
অন্যদিকে, মো. মতিউর রহমান তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনে সহযোগিতা করেন।
লায়লা কানিজ ও স্বামী মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।