উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।
ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পাস কোর্স পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে বলে জানান প্রধানমন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে এবং স্কুল শিক্ষার্থীদের কাছে এই টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতিবছরের শুরুতে নতুন বই ও স্কুল ড্রেস পৌঁছে দিতে চায় সরকার।
এর আগে সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে না থেকে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।