উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো একটি কক্ষও অন্য কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে যারা এসব বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়ে রেখেছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সেখান থেকে ভাড়াটে তুলে নেওয়ার কড়া তাগিদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নতুন আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তার নামে বরাদ্দকৃত বাসার পুরোটা কিংবা এক বা একাধিক কক্ষ কোনোভাবেই সাবলেট দিতে পারবেন না। যারা ইতিমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটে সরিয়ে নিয়ে নিজ বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী ৩০ নভেম্বরের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী তার বাসার বরাদ্দ বাতিল করা হবে এবং প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।