উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছরের শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা। এই ঘটনায় রুবেলের স্ত্রী তানিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের এই ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন ও রেলওয়ে পুলিশের ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।