উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ ফারুককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার ঝিলংজা লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ফারুক কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৫ মে বিকেল ৪টার দিকে ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় ফারুক তার আপন ছোট ভাই আবদু শুক্কুরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে পলাতক থাকা ফারুক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।