উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়। বিজিবি স্পষ্টভাবে জানাচ্ছে, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজিবি আরও জানায়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী নিয়মিত সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয় এবং দোকানদার ভ্যানযোগে তা বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন।
এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা নেই। প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের প্রচার থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাহিনী।